ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘যে দলের হোক না কেন, নিরপরাধদের হয়রানি করা যাবে না’

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:০৪ এএম
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান বলেছেন, ‘যেকোনো দলের লোক হোক না কেন, কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।’

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর ও নিরপেক্ষ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার (২১ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উপজেলার কোনো সরকারি অফিসে দুর্নীতি চলবে না এবং সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না- এই প্রতিশ্রুতি নিয়েই তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। সরকারি দপ্তরে দালালচক্রের উপস্থিতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আবুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধে পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।

সেইসাথে মানুষ একটি বৈষম্যহীন, নিরাপদ বাংলাদেশ চায়। প্রশাসনের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সে লক্ষ্য সামনে রেখে কাজ করতে হবে যোগ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক জুলহাস সুজনের সঞ্চালনায় সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে। তেলাওয়াত করেন খেলাফত মজলিস নেতা হাফিজ আব্দুস সুবহান এবং গীতাপাঠ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন। সভায় দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।