ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক ও নিন্দা জানিয়েছে।
চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবাণীতে বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতার ওপর এ ধরনের সামরিক হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং এটি বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।
তারা বলেন, মুসলিম উম্মাহর একজন প্রভাবশালী নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনি দীর্ঘ সময় ইসলামি মূল্যবোধ, ন্যায়বিচার ও আত্মমর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। তার মৃত্যুর খবর শুধু ইরানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার ঘটনা।
এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন, ইতিহাস প্রমাণ করেছে, সামরিক আগ্রাসন ও শক্তির রাজনীতি কখনো স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না; বরং তা প্রতিশোধ, অস্থিরতা ও সংঘাতকে আরও তীব্র করে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে যুদ্ধ ও সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়া।
শোকবার্তায় এবি পার্টি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবার, ইরানের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানায়। পাশাপাশি তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আর কোনো আগ্রাসন নয়, অবিলম্বে যুদ্ধবিরতি, সংযম ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসতে হবে।


