দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক সমঝোতার স্বার্থে ঘোষিত ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে রাষ্ট্রে নতুন ধরনের রাজনৈতিক ও সামাজিক বিভাজন তৈরি হতে পারে এবং এর দায় সরকারকেই বহন করতে হবে। একই সঙ্গে বিএনপিও এ দায় এড়াতে পারবে না।
রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জুলাই সনদ’ কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়; এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক সহাবস্থান এবং জনগণের ন্যায্য প্রত্যাশার প্রতিফলন। এই সনদের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতিতে নতুন আস্থার পরিবেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। তবে বাস্তবায়নে বিলম্ব হলে জনগণের মধ্যে হতাশা ও অবিশ্বাস আরও গভীর হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ এবং সুপ্রিম কোর্টে সংবিধানের অনুচ্ছেদ ১০৬-এর আওতায় নেওয়া কিছু পদক্ষেপ যথাযথ ছিল না। তবে সে সময়কার রাজনৈতিক বাস্তবতায় বিকল্প পথও সীমিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল, তার ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়। ফলে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের প্রত্যাশায় পরিণত হয়েছে।
তিনি বলেন, দেশ বর্তমানে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে রাজনৈতিক দূরদর্শিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জাতীয় ঐক্যকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে রাষ্ট্রে অপ্রয়োজনীয় বিভাজন ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
মজিবুর রহমান মঞ্জু অবিলম্বে জুলাই সনদের প্রতিশ্রুত বিষয়গুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।


