ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুলের পার্শ্ববর্তী গজনবী রোডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্রীয় সেই গুরুদায়িত্ব পালনের পাশাপাশি আমার নির্বাচনি এলাকার প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার অন্যতম অগ্রাধিকার। আপনাদের সেবা করার যে আমানত আপনারা আমাকে দিয়েছেন, আমি তা আজীবন বজায় রাখতে চাই।
ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, আজ আমি আপনাদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছি, কিন্তু আমার স্বপ্ন এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষকে আর লাইনে দাঁড়িয়ে সহায়তা নিতে হবে না। আমরা প্রতিটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে দেখতে চাই, যেন উৎসবের আনন্দ সবাই নিজের সামর্থ্যেই উদযাপন করতে পারেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপহার বিতরণ শেষে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন