ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকার ‘তালবাহানা’ করছে: মঞ্জু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:৩৮ এএম
বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার তৎপর হলেও জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে ‘তালবাহানা’ করছে—এমন অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি পেশাজীবী কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মঞ্জু বলেন, নির্বাচনের দিন আঙুলের কালি না শুকাতেই ফ্যামিলি কার্ড, ইমাম-পুরোহিত ভাতা, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের তৎপরতা দেখা যাচ্ছে। কিন্তু জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে সরকারের আগ্রহ নেই। বরং সাংবিধানিক বিতর্ক তুলে জনরায়কে উপেক্ষা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

পেশাজীবী কাউন্সিলের সভাপতি ওবায়দুর রহমান এফসিএর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব শামীমের সঞ্চালনায় সভায় মঞ্জু বলেন, জুলাই সনদ ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহির একটি সুস্পষ্ট রূপরেখা। কিন্তু সরকার তা বাস্তবায়নের পরিবর্তে পুরোনো দলীয়করণের ধারায় এগোচ্ছে।

তিনি অভিযোগ করেন, সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। “পুরোনো কায়দায় দলীয়করণের এক মহাউৎসব শুরু হয়েছে, যা জুলাই-পরবর্তী বাংলাদেশে কেউ প্রত্যাশা করেনি,” বলেন তিনি।

মঞ্জু আরও বলেন, বড় গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা নেবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে পুরোনো ধারা ফিরে আসছে। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদের অঙ্গীকার থেকে সরে আসা মানে জনগণের সঙ্গে চুক্তি ভঙ্গ করা, যার দায় সরকারকে নিতে হবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে এ সনদ বাস্তবায়নের আন্দোলন গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

সভায় উপস্থিত পেশাজীবী নেতারা দ্রুত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানান।

অনুষ্ঠানে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া পেশাজীবী কাউন্সিলের সহসভাপতি তানভীর ইউসুফ, মকবুল হোসেন, প্রকৌশলী সামসুল আলম, মো. কামাল হোসেন, প্রকৌশলী সাইদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবিদ হোসেন, প্রকৌশলী শাকিল শাহজালাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন সুমন, যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারুক আহমেদ মনি, জুলাই বিপ্লববিষয়ক সম্পাদক নুরুদ্দিন রানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. হাসান আজিজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল ইসলাম রিপন ও কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী মশিউল আনিস বক্তব্য দেন।

সভা শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা ইফতারে অংশ নেন।