ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুবদল-ছাত্রদলের যে ২০ নেতা যাচ্ছেন চীনে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১১:৪৩ এএম
ছবি : সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে আগামী জুনে দেশটি সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের ২০ তরুণ নেতা। ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সফরে প্রতিনিধি দলটি চীনের উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ও তৃণমূল প্রশাসন ব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। সফরের সব ব্যয়ভার বহন করবে চীন সরকার।

সম্প্রতি প্রকাশিত চীনা দূতাবাসের একটি তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিনিধি দলে স্থান পাওয়া নেতারা হলেন: মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মওলা, জহিরুল ইসলাম, এ বি এম ইজারুল কবি, মো. মঞ্জুরুল আলম, আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ এবং জান্নাতুল নওরীন উর্মি।

এর আগে গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এ সফরের আমন্ত্রণ জানান।

সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মি। তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এ সফরে অংশ নেওয়ার সুযোগ তার জন্য গর্বের এবং চীনের উন্নয়ন, প্রযুক্তি ও প্রশাসনিক অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে তরুণ নেতৃত্বের জন্য আন্তর্জাতিক বাস্তবতা, প্রযুক্তিগত উন্নয়ন ও বৈশ্বিক নীতিনির্ধারণ সম্পর্কে ধারণা থাকা জরুরি। এ সফরকে তিনি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে দেখছেন।

চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। সেখানে তারা উৎপাদনশীল শক্তির বিকাশ, উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল প্রশাসন ব্যবস্থা সম্পর্কে জানবেন। পাশাপাশি স্থানীয় নেতা, গবেষক ও থিংক ট্যাংক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও পাবেন।