বাংলাদেশ জাতীয় দলকে বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতাকর্মীদের নিয়ে আজ বিএনপির সঙ্গে যুক্ত হলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে এবং একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। আমরা আশা করছি, তাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।’
সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘বিএনপি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল। দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্রের পথে আমরা বিএনপিতে যোগ দিলাম।’
তিনি বলেন, ‘আজকে নির্বাচন বানচালের বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। সেই মুহূর্তে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করছি। আশা করছি, অতীতে যেভাবে রাজপথে সংগ্রাম করেছি, একটি সুন্দর বাংলাদেশ ৩১ দফার আলোকে বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে কিঞ্চিৎ ভূমিকা রাখতে পারব।’


