ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৬ বছর একনায়কতন্ত্র চালু রাখে আ.লীগ : সালাহউদ্দিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:১৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করলেও তা বিলুপ্ত করে আওয়ামী লীগ প্রায় ১৫ থেকে ১৬ বছর দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম রেখেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার পহরচাদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার রাজনৈতিক উত্তরাধিকার বরাবরই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করে তারা একদলীয় ও এক ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করেছে। বিপরীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ নয় বছরের সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু করেন। পাশাপাশি দেশের বাস্তবতা বিবেচনায় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে। পরাজিত হয়ে তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই শক্তি কখনোই বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান করেনি; মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার কেড়ে নিয়েছে।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তিনি বলেন, শাপলা চত্বরে আলেম সমাজের ওপর নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং রাতের আঁধারে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। বহু আলেমকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ দেশের গণমানুষ ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে। এর পরিণতিতে জনগণের বিরোধিতার মুখে তারা ক্ষমতা হারিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখন মূল প্রশ্ন আমরা কেমন বাংলাদেশ চাই। জনগণ স্পষ্টভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ চায়। তারা এমন রাষ্ট্র চায়, যেখানে আইনের শাসন থাকবে, সুবিচার নিশ্চিত হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে চকরিয়া বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।