ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজনীতি ক্ষমতার জন্য নয়, দায়িত্ব ও জবাবদিহির মাধ্যম : হাবিব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:৩৩ পিএম
ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি : রূপালী বাংলাদেশ

রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও জবাবদিহির মাধ্যম বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সফল করতে সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটি দেশের প্রতি আমাদের দায়িত্ব।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সবুজবাগ থানা ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাসাবো ইউনিটের উদ্যোগে এক উঠান বৈঠক ও মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমাদের মানচিত্র, পতাকা  পেয়েছি। ঠিক তেমনি  খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে স্বামী, সন্তান ও গৃহ হারিয়েছেন। মিথ্যা মামলায় জেল খেটেছেন, কিন্তু দেশের স্বার্থে কখনো আপস করেননি। সেই কারণে আজ সারা বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।’

তিনি বলেন, আগামী বাংলাদেশ গড়তে বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান যোগ্য পিতার ও মাতার যোগ্য উত্তরসূরি হিসেবে ৩১ দফার ভিত্তিতে ইসলামী মূল্যবোধের আলোকে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তে চান, যেখানে থাকবে ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সুশাসন।

হাবিব বলেন, ‘আমরা যদি নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রদানের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশকে আর কেউ বিশৃঙ্খলা  করতে পারবে না। আমরা দেশকে সার্বভৌম, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ব। ঢাকা-৯ আসনকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে হবে। এলাকাবাসীর নিরাপত্তা, মানবিক মূল্যবোধ এবং সম্প্রীতি বজায় রেখে আমরা উন্নয়নের মডেল হিসেবে ঢাকা-৯কে গড়ে তুলব।’

বিএনপি নেতা আরও বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও জবাবদিহির মাধ্যম। এলাকার সন্তান হিসেবে তিনি এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে এবং তাদের যেকোনো সমস্যায় পাশে থাকতে প্রস্তুত।

হাবিব সকলকে আহ্বান জানিয়েছেন, শুধু নিজে ভোট দেওয়া যথেষ্ট নয়; মা-বাবা, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সকলকে কেন্দ্রে নিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।’