ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরাসরি নিজের স্বপ্ন ও পরিকল্পনা জানাবেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০১:০৫ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো আধুনিক ডিজিটাল পডকাস্টের মাধ্যমে সরাসরি দেশের মানুষকে নিজের স্বপ্ন ও পরিকল্পনা জানাবেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ আয়োজন সম্প্রচারিত হবে।

দলীয় সূত্র জানায়, প্রচলিত রাজনৈতিক জনসভা বা প্রথাগত বক্তব্যের বাইরে এসে সরাসরি সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করাই এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের মূল লক্ষ্য। এ পডকাস্টে কোনো উপস্থাপক থাকবেন না; তারেক রহমান নিজেই সরাসরি বক্তব্য ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন।

‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, আধুনিক কৃষি, অর্থনীতির পুনর্গঠন এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের ভাবনা শেয়ার করার এই উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন ধারার সূচনা করবে।

পডকাস্টের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছানোর এই প্রচেষ্টা বিএনপির প্রচার কৌশলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।