ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:১০ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান।

শুক্রবার (৩০ জানুয়ারি) নরসিংদী-২ নির্বাচনি এলাকার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় ড. মঈন খান বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর ধরে দেশের মানুষ প্রকৃতভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। দলটি কোনো চরমপন্থী রাজনীতিতে বিশ্বাস করে না। তাই উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া একই দিন ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে ইজি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আরেকটি উঠান বৈঠকেও বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খান।