আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষ সপ্তাহকে সামনে রেখে প্রচার-প্রচারণায় এখন অংশগ্রহণকারী সব দলই ব্যস্ত সময় পার করছে। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রেখেছে দেশের অন্যতম বড় দল বিএনপি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনের শেষ সময়ের পরিকল্পনা ঘোষণা করেন।
রিজভী জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সোনারগাঁও হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এছাড়া, রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিএনপির শেষ জনসভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, শেষ নির্বাচনি জনসভা সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঢাকা ও আশেপাশের প্রার্থীরা এতে অংশ নেবেন।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
রিজভী বলেন, বিএনপি সবসময় মানুষের সমর্থনে ক্ষমতায় এসেছে। এতো নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি। দেশের মানুষ ‘ধানের শীষ’কে শুধু প্রতীক নয়, আবেগ হিসেবে গ্রহণ করে। সেটিই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোটে প্রমাণ করবে।
তিনি আরও উল্লেখ করেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যা কিছু ঘটছে, তা শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।


