বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হতে শুরু করেছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও দ্রুত এগিয়ে চলছে এবং চলতি বছরের মধ্যেই তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কোনো না কোনো বৈশ্বিক সংকটের মুখোমুখি হতে হয়। এবারও দায়িত্ব গ্রহণের পরপরই ইরান-ইসরাইল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। তবে সরকারের দক্ষতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হয়নি এবং তেলের দামও বাড়েনি।
তিনি আরও বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সব ক্ষেত্রেই আমরা সাফল্যের ছাপ দেখতে পাচ্ছি। তবে দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে তোলাই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

