ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘আমি সবার তাহের ভাই’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:৫৬ পিএম
জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমি সবার তাহের ভাই।’ তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেন না বলে দাবি করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রামে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, চৌদ্দগ্রামে আমার জন্ম। এখানে বহু মনীষীর জন্ম হয়েছে, যাদের নাম বললেই মানুষ চিনে। ২০০১ সালে নির্বাচিত হয়ে আমি চেষ্টা করেছি রাজনৈতিক সহাবস্থানের জন্য। আমি প্রতিজ্ঞা করেছিলাম, নির্বাচিত হলে চৌদ্দগ্রামে আর কোনো রক্ত ঝরবে না। আমার সময় কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত করেছি যে এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। সব দলের সহাবস্থান বজায় রেখেছি এবং বড় প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। জেলখানার সময়ও প্রথম ফোন দিয়েছিলাম নেতাদের জানাতে, চৌদ্দগ্রামে কোনো প্রতিশোধ, হামলা বা আগুন লাগানো হবে না। ফলে তা প্রতিহত হয়েছে।

নায়েবে আমির বলেন, চৌদ্দগ্রামকে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখি না। এখানে যেকোনো দল করার অধিকার রয়েছে, কিন্তু মানুষ হিসেবে আমরা ঐক্যবদ্ধ। জনসভায় যারা রয়েছেন, তারা সবাই আমার ভাই।

তিনি আরও বলেন, এখানকার সংসদ সদস্য কোনো দলের প্রতিনিধি নন। ভোট দিতে হবে সেই প্রার্থীকে, যিনি সমগ্র মানুষের কল্যাণ নিশ্চিত করতে সক্ষম। দলমতের ঊর্ধ্বে উঠে আমি এখানকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।