দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে দলটি জানিয়েছে, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে দেশের সব নাগরিকের ধর্মীয় অধিকার, জানমাল ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি বেনামে ও তারিখবিহীন চিঠির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের হুমকি ও অপতৎপরতা অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয় এবং উদ্বেগজনক। জামায়াতে ইসলামী এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছরের ইতিহাস সাক্ষ্য দেয়, এ দেশে মুসলিমসহ সব ধর্মের মানুষ পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে বসবাস করে আসছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে হেয় করা বা তার অধিকার ক্ষুণ্ন করার সংস্কৃতি এ দেশের মানুষের নয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করার অধিকার রাখে। ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়, জীবন ও সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক, মানবিক মূল্যবোধে বিশ্বাসী ইসলামি রাজনৈতিক দল। ধর্ম-বর্ণ, জাতি ও গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করাই দলটির রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। খ্রিষ্টান সম্প্রদায়সহ দেশের সব ধর্ম ও জনগোষ্ঠীর মানুষের জানমাল, ইজ্জত-আব্রু এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ ধরনের ষড়যন্ত্র দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এসব অপচেষ্টার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি দেশবাসীকে যেকোনো ধরনের উসকানি ও বিভ্রান্তি থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।



