চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, ২৬ জানুয়ারি সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা তাঁদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজ এবং ক্র্যাবের স্টাফ লালসহ মোট ১০ জন আহত হন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজির উদ্দেশ্যে পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক ও বর্বর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের কণ্ঠরোধের এ প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

