ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে ৫৩ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে মোহনগঞ্জ পৌর শহরে উপজেলা জামায়াতের কার্যালয়ে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারের কাছে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন- ইসলামী আন্দোলনের উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাঈল, মাঘান-সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ ওসমান গনি, সেক্রেটারি পলাশ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমির এ টি এম হামিদুল্লাহ, সেক্রেটারি মাস্টার জাহেদ হাসানসহ ১০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদান প্রসঙ্গে হাফেজ জুনায়েদ হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জামায়াতে যোগদান করেছি। সামনে আরও অর্ধশত নেতাকর্মী যোগ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনগণকে সচেতন করার আহ্বান জানাই।


