ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত দিনে ইশতেহার ঘোষণা করা সম্ভব হচ্ছে না।
জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণেই মূলত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, স্থগিত হওয়া এই অনুষ্ঠানের নতুন সময়সূচি ও তারিখ রোববার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এর আগে রোববার সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান শেরপুরের শ্রীবরদী উপজেলায় শহীদ রেজাউল করিমের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার কবর জিয়ারত করবেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, শেরপুর সফর শেষে জামায়াত আমির শেরপুর ও জামালপুরে দুটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে এবং দুপুর সাড়ে ১২টায় জামালপুরে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন তিনি।
এ ছাড়া ঢাকায় ফিরে তিনি নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গণসংযোগ ও জনসভায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।


