রাষ্ট্রপতির কার্যালয় থেকে ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সূত্রপাত হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ কামনা করেছে জামায়াত।
রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির একটি টিমের সদস্য মাহমুদুর রহমান বলেন, এসব সাইবার অ্যাটাকের বেশিরভাগ মেইল অ্যাড্রেস সরকারি অফিসের উৎস থেকে এসেছে। এমনকি রাষ্ট্রপতির কার্যালয় থেকেও জাঙ্ক মেইল এসেছে, অফিসিয়াল জায়গা থেকে। এটা স্যাবোটাজ হতে পারে।
তিনি বলেন, এ ধরনের অ্যাটাক বারবার হয়েছে। গত এক মাসে এরকম বহু অ্যাটাকের শিকার আমরা হয়েছি। জামায়াত আমির বাদে শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টেও আক্রমণ হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, নারীর প্রতি জামায়াতের কী ভাবনা তা জামায়াত আমিরের বক্তব্যে সবসময় স্পষ্ট। সাইবার অ্যাটাকের মাধ্যমে সেটিকে বদলানো সম্ভব না। এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনকেও এ ব্যাপারে বলা হবে।
এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের নীতিমালা এবং মূল্যবোধ স্পষ্ট করার জন্য আমি এটি শেয়ার করছি।
জামায়াত আমির বলেন, আমাদের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা চাই নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা, নিরাপদ কর্মক্ষেত্র এবং মর্যাদাপূর্ণ চাকরিতে অংশগ্রহণ নিশ্চিত হোক। প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং শিশু যত্নসহায়তা আমাদের অঙ্গীকারের অংশ।
তিনি আরও বলেন, আমরা রাজনীতি ও স্থানীয় সরকারের নেতৃত্বে নারীর অংশগ্রহণ, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদাকে সমর্থন করি। এগুলো নতুন নীতি নয়; এটি আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
ডা. শফিকুর রহমান বলেন, আমার রেকর্ড, নীতি এবং ইশতেহার অনুযায়ী আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়। ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে সব প্রতিশ্রুতি বিস্তারিত বর্ণনা করা হবে। আমাদের অঙ্গীকার বাস্তবসম্মত, পরিমাপযোগ্য এবং নারীদের জন্য নিরাপদ শিক্ষা, সমান সুযোগ, স্বাস্থ্যসেবা ও নেতৃত্ব নিশ্চিত করবে।
তিনি পোস্টের শেষে উল্লেখ করেন, নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ গড়তেই আমরা কাজ করছি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন