নির্বাচনে অনিয়ম ও ফলাফল পরিবর্তনের অভিযোগের বিষয়ে জামায়াত আদালতের শরণাপন্ন হবে। একই সঙ্গে সংসদে বিষয়টি উত্থাপন করা হবে এবং প্রয়োজনে রাজপথেও আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মুজিবুর রহমান বলেন, নির্বাচনে ভোট গণনার সময় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। এ পরিস্থিতিতে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গণআন্দোলনের মাধ্যমেও প্রতিকার চাওয়া হবে।
তিনি বলেন, গণভোটের ফল না মেনে সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা জনমত উপেক্ষার শামিল। পাশাপাশি একটি রাজনৈতিক দল সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশ পরিচালনায় রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মুজিবুর রহমান বলেন, বিরোধীদলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত না নিলে অতীত সরকারের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।


