ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গ্রিসে ১৮ বাংলাদেশির মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি- সংগৃহীত

উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে তিনি এ ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২৭ মার্চ (জুমআ বার) উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী একটি নৌকায় গ্রিস উপকূলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। ঘটনাটি সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, জীবনঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা আশা করি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয় প্রতিরোধে মানবিক ও স্থায়ী সমাধান বাস্তবায়ন করা হবে। অভিবাসন সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান ছাড়া এ ধরনের বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব নয়।

তিনি বলেন, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আমি জোরালো আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।