ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছে না সরকার : ডা. শফিকুর রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি- সংগৃহীত

সরকার জনগণের মতামতকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, দেশের অধিকাংশ মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে সরকার জনস্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। পাশাপাশি, তিনি বিএনপির দিকেও সমালোচনার আঙুল তুলে বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করায় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ছে।

শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি দেশের জ্বালানি সংকট, শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন।

শিক্ষা কার্যক্রম অনলাইনে চালুর সরকারি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার মতে, স্কুল বন্ধ রেখে অনলাইন ক্লাস চালু করা একটি অপরিকল্পিত সিদ্ধান্ত। এতে শিশুদের মধ্যে ডিভাইস নির্ভরতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানান।

অর্থনীতি ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বৈশ্বিক সংকটের বাস্তবতা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হচ্ছে না। তার ভাষায়, সরকারের বক্তব্যে পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হলেও বাস্তবে তা ভিন্ন। তিনি এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।

রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, বিএনপি গণরায়ের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়ে আবারও পুরনো রাজনৈতিক ধারায় ফিরে যেতে চাচ্ছে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, অধিকার আদায়ে আন্দোলন চলবে নিয়মতান্ত্রিক ও দৃঢ়ভাবে। তবে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে।

সমাবেশে আরও বলা হয়, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় প্রভাব বাড়ানোর ফলে নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থায় জনগণের দাবি আদায়ে দেশপ্রেমিক তরুণদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।