গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, ৭০ শতাংশ জনমতের অবস্থানকে উপেক্ষা করে সরকার ভুল পথে এগোচ্ছে।
শনিবার (৯ মে) সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পারওয়ার বলেন, সরকার শুধু জনগণের সঙ্গেই নয়, নিজেদের আগের অবস্থানের সঙ্গেও প্রতারণা করছে। তার অভিযোগ, নির্বাচনের আগে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় মানছে না।
তিনি বলেন, এটি জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং বড় ধরনের প্রতারণা।
মিয়া গোলাম পারওয়ার আরও বলেন, প্রবাদ অনুযায়ী ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’ বর্তমানে সেই পরিস্থিতিই তৈরি হয়েছে। তার ভাষায়, বিএনপি ক্ষমতায় এসে একই ধরনের অবস্থানে চলে গেছে।
তিনি জানান, সরকার যে উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে তার বিরোধিতা করা হচ্ছে না, তবে উন্নয়ন অবশ্যই ন্যায় ও সমতার ভিত্তিতে হতে হবে। দলীয় বা আঞ্চলিক প্রভাব দিয়ে উন্নয়ন বণ্টন গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় দলীয় এমপিদের প্রভাবকে কেন্দ্র করে সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা ন্যায্য বণ্টনের পরিপন্থি।


