ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পচা রাজনীতির পরিবর্তন চায় চব্বিশের যুবসমাজ : জামায়াত আমির

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:০৮ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

পচা রাজনীতির ধারাবাহিকতা নয়, বরং পরিবর্তন চায় চব্বিশের যুবসমাজ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে ১১-দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আর নোংরা ও বিভাজনমূলক রাজনীতি দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন একটি স্বাধীন ও সম্মানজনক বাংলাদেশের স্বপ্নই আমাদের যুবসমাজ লালন করে।

তিনি বলেন, দেশের যুবসমাজ জুলাই মাসে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিল। বুকের তাজা রক্ত দিয়ে তারা দেশকে মুক্তি ও স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছে। তাদের এই আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

জামায়াত আমির আরও বলেন, জাতিকে বিভক্ত করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। পচা রাজনীতির চর্চা নয়, চব্বিশের যুবসমাজ একটি ন্যায়ভিত্তিক পরিবর্তন চায়। এ সময় তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ দিতে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।