ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই দিনে ৪০ বিএনপি নেতাকর্মীর পদত্যাগ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:৩২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের জনসমাবেশে গত দুই দিনে প্রায় ৪০ জন বিএনপি নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এই তথ্য দেন ৩০ জানুয়ারি সদ্য পদত্যাগ করা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহমান শফিক।

শনিবার বিকেল ৩টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসমাবেশে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একযোগে এই পদত্যাগের ঘটনা ঘটেছে।

সমাবেশে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন বলেন, জোর করে ভোট নেওয়া যাবে না। আমরা মাঠে আছি। ভোট শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না। নির্বাচিত হলে গজারিয়ায় আগে দুটি ব্রিজ নির্মাণ করব।

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ছেলে ইফতেকার আলম রিপন বলেন, আপনারা সব সময় আমার বাবার পাশে ছিলেন। আশা করি আমার চাচার পাশেও থাকবেন। বাবা সুস্থ থাকলে হয়তো তিনিই আপনাদের কাছে আসতেন।

সদ্য পদত্যাগকারী সাবেক জেলা বিএনপি সদস্য মজিবুর রহমান অভিযোগ করেন, কিছু লোক রতনকে অন্য নেতাকর্মীদের সঙ্গে মিশতে দেয় না। তাদের সঙ্গে থাকা কিছু মানুষ বাস্তবতা ভুলে যায় এবং কাকে কী বলছে তা নিজেরাও জানে না। ইনশাআল্লাহ ১২ তারিখ ফুটবল মার্কার বিজয় হবে আপনাদের সমর্থনে।

এ সময় জেলা ও উপজেলার পদধারী এবং সদ্য পদত্যাগ করা বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।