জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর শাহবাগে ঘোষিত সব কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানবিরোধী শক্তিগুলো নতুন করে ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে অবস্থান করছি।
তিনি বলেন, জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠী যেন কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার নামাজের পর শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে বিকল্প কর্মসূচির কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আজ বিকেল ৪টায় বাংলামটর থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। তিনি শান্তিপূর্ণভাবে ওই মিছিলে অংশগ্রহণের জন্য ছাত্র-জনতা ও সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।


