জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে এবং এ দেশ পরিচালিত হবে বাংলাদেশের জনগণের ইচ্ছায়। তিনি বলেন, যারা দিল্লির তাঁবেদারি করে রাজনীতি করেছে বা নতুন করে সে ধরনের রাজনীতি কায়েম করতে চায়, বাংলাদেশে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার ডগড়মোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন, সংস্কার ও ন্যায়বিচার চায়। ৫ আগস্টের পর জনগণ আর কোনো নতুন জুলুমের রাজনীতি দেখতে চায় না। অথচ সাম্প্রতিক সময়ে আবারও চাঁদাবাজি, জমি দখল ও নির্যাতনের অভিযোগ সামনে আসছে। এমনকি সহিংসতায় মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে, যা নতুন জালেমের আবির্ভাবের ইঙ্গিত দেয়।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সেই জালেমদের প্রত্যাখ্যান করার দিন। একই সঙ্গে এটি ঋণখেলাপিদের বিরুদ্ধে রায় দেওয়ার সুযোগ। সংসদে যদি ঋণখেলাপি, ভূমিদস্যু বা বিদেশি নাগরিকত্বধারীরা প্রবেশ করে, তাহলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই আসবে না।
জনসভায় আরও বক্তব্য দেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এবং সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক মো. জুলকারনাইনসহ বিভিন্ন দলের নেতারা।
এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা বলেন, দেশের প্রকৃত পরিবর্তন আনতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।


