ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: এনসিপি মুখপাত্র

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:০৯ এএম
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, ১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে।  নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।  কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাতমূলক আচরণ লক্ষ করা যাচ্ছে।  পাশাপাশি বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

এদিন সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় নগদ ৭৪ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ।

বিমানবন্দর সূত্র জানায়, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বেলাল উদ্দিন।  এ সময় নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে তার ব্যাগ ও দেহ তল্লাশি করা হলে নগদ অর্থ পাওয়া যায়। এত বড় অঙ্কের টাকা বহনকে সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু হলে তিনি অসুস্থবোধ করেন।  পরে হাসপাতালে ভর্তি করা হয় এবং সুস্থ অনুভব করলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

অন্যদিকে আটক জামায়াত নেতা বেলাল উদ্দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলে দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি।  তিনি বলেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে এই টাকা বহন করছিলাম।  এর সঙ্গে কোনো অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও দাবি করেন, টাকার উৎস বৈধ এবং প্রয়োজনীয় কাগজপত্র পরে দেখাতে পারবেন।  এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।