জাতীয় জীবনের ‘বকেয়া’ পরিশোধের আহ্বান জানিয়ে সরকারকে দ্রুত সংস্কার বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার।
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পহেলা বৈশাখে হালখাতা খোলার মতো জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধ করা জরুরি। তার ভাষায়, এই বকেয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের কার্যক্রম শুরু করেছে। গণভোটের মাধ্যমে যে জনমত প্রকাশ পেয়েছে, তার ভিত্তিতে দ্রুত সংস্কার বাস্তবায়ন করা প্রয়োজন।
নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা এখন অনেক বেশি। তরুণ প্রজন্ম এ লক্ষ্যে ত্যাগ স্বীকার করেছে। এ সময় তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে স্মরণ করেন।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান, নির্বাচন ও সরকার গঠন সবই সম্পন্ন হয়েছে, কিন্তু জনগণ এখনো কাঙ্ক্ষিত সংস্কার পায়নি। ফলে জাতীয় জীবনে রক্তের ঋণ এখনো পরিশোধ হয়নি।
নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, যারা জুলাই সনদ ও গণভোটের রায় অমান্য করার চেষ্টা করছে, তাদের দ্রুত জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এসব অধ্যাদেশ নতুন করে বিল আকারে এনে আইনে পরিণত করার আহ্বান জানান তিনি।
সাংস্কৃতিক অঙ্গন নিয়েও সমালোচনা করে তিনি বলেন, অতীতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ব্যবহার করা হয়েছে। পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসবকে নাগরিক উৎসব হিসেবে পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন