ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে সহায়তায় ২ লাখ ডলার সংগ্রহ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:০৮ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারকে সহায়তায় প্রায় দুই লাখ ডলার সংগ্রহ করেছেন তাদের সহপাঠী, শিক্ষক ও প্রবাসী বাংলাদেশিরা।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আরিয়ান জানান, সংগৃহীত অর্থ দুই পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সহায়তা তহবিলে অর্থ সংগ্রহ কার্যক্রম এখনও চলমান রয়েছে।

বন্ধু ও সহপাঠীরা জানান, অনলাইন প্ল্যাটফর্ম গোফান্ডমিতে খোলা তহবিলে এরই মধ্যে প্রায় ১ লাখ ৮৪ হাজার ডলার জমা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, দুই পরিবারকে অন্তত এক লাখ ডলার করে সহায়তা দেওয়া সম্ভব হবে।

নিহত বৃষ্টি মাত্র আট মাস আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনও ছিলেন মেধাবী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতেও তারা সক্রিয় ছিলেন।

ফ্লোরিডার টাম্পায় বসবাসরত প্রবাসীরা জানান, এই ঘটনার পর পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তারা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও নিয়মিত অংশ নিতেন।

এদিকে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া তদারকি করছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, ফ্লোরিডার মায়ামি কনস্যুলেট এবং মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)। 

আগামী বুধবার (৬ মে) স্থানীয় সময় জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন মরদেহ ঢাকায় পাঠানোর কথা রয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর প্রায় ১০ দিন পর টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর রুমমেটকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার হওয়া আরেকটি দেহাবশেষ বৃষ্টির বলে শনাক্ত করে স্থানীয় কর্তৃপক্ষ।