× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৩২ এএম

আজ পবিত্র শবেবরাত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৩২ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আজ মুসলমানের কাছে পরম কাঙ্ক্ষিত মহিমাময় রজনি শবেবরাত। পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। শবেবরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দুস্তর মতভেদ বিদ্যমান। পালনের বিপক্ষের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে।

ইবনে মাজাহ ও বাইহাকির একটি দুর্বল হাদিসে উল্লেখ আছে, হজরত আলি ইবনে আবি তালেব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : যখন মধ্য শাবানের রাত আসে, তখন তোমরা রাত জেগে সালাত আদায় করবে আর দিবসে সিয়াম পালন করবে। কেননা আল্লাহতায়ালা সূর্যাস্তের পর দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন : আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী, আমি রিজিক দান করব। আছে কি কোনো বিপদে নিপতিত ব্যক্তি, আমি তাকে সুস্থতা দান করব। এভাবে ফজর পর্যন্ত বলা হয়ে থাকে।

যদিও সহিহ বুখারি ও সহিহ মুসলিমে এসেছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ এক-তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন, আমাকে ডাকার কেউ আছে কি? আমি তার ডাকে সাড়া দেব। আমার কাছে চাওয়ার কেউ আছে কি? আমি তাকে তা প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছে কি? আমি তাকে ক্ষমা করব।

বস্তুত উপমহাদেশের কিছু আলেম বলে থাকেন, শবেবরাত হলো আল্লাহতায়ালার মহান দরবারে ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। আল্লাহ সুবানাহু তায়ালার নৈকট্য ও সান্নিধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে বিশেষ বরকত হাসিলের মানসে মুসলিম সম্প্রদায় নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত, ইস্তেগফার, ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল, দোয়ায় মশগুল থাকেন। শবেবরাতকে ‘লাইলাতুল বারাআত’ নামে অভিহিত করেছেন অনেকে। ‘শব’ শব্দটি ফারসি, যার অর্থ রাত। আর ‘বরাত’ শব্দের অর্থ হলো নাজাত, নিষ্কৃতি বা মুক্তি। শাবান মাসের মধ্যবর্তী রাতে পবিত্র শবেবরাত পালিত হয়। এ ব্যাপারে কুরআনুল করিমে সুস্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ না থাকলেও একটি ‘হাসান’ হাদিসে এটাকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বলা হয়েছে। বিজ্ঞ আলেম-ওলামা ও ইসলামের বিশেষজ্ঞরা এই রাতে বিশেষ কোনো ইবাদতের নির্দেশ নেই বলে মনে করেন। এর পক্ষকাল পরেই রহমত বরকত নাজাতের সওগাত নিয়ে আসবে মাহে রমজান। এ কারণে শবেবরাতকে বলা হয় রমজানের মুয়াজ্জিন।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ গ্রন্থে বর্ণিত হয়েছে যে, ইরান ও ভারতীয় উপমহাদেশে শাবান মাসের একটি রজনিকে ‘শব-ই-বরাত’ বলা হয়। তুরস্ক, ইরান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো কোনো দেশের কোনো কোনো এলাকায় শবেবরাত ভিন্ন ভিন্ন নামে পরিচিত। সৌদি আরব, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়াসহ পৃথিবীর কোথাও শবেবরাতের কোনো অস্তিত্ব নেই। এই রাতে ইরানের সর্বত্র আলোকসজ্জা করা হয় এবং বিশেষ মাহফিলের আয়োজন করা হয়।

শবেবরাতকে যেসব আলেম সমর্থন করেন তাদের মতে, এ রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়া, দীর্ঘ সিজদা করা, দুই রাকআত করে যত ইচ্ছা নামাজ পড়া, কুরআনুল করিম তিলাওয়াত করা, বেশি বেশি দরুদ শরিফ পড়া, ইসতেগফার করা, দোয়া করা, তাসবিহ তাহলিল, জিকির-আসকার করা আর সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের জন্য, পিতা-মাতা, সন্তান-সন্ততি, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী ও সব মুসলমানদের জন্য বেশি বেশি দোয়া, তওবা ও ক্ষমাপ্রার্থনা করা উচিত। সম্ভব হলে পুরুষের জন্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা, কবরবাসীদের জন্য দোয়া করাও সওয়াবের কাজ। এ রাতের নফল আমলসমূহ একাকীভাবে করণীয়।

শবেবরাতের ইতিহাস সম্পর্কে ইসলামের ইতিহাসে দেখা যায়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর ৪০০ বছরের মধ্যে শবেবরাত বলে কিছু ছিল না। তাঁর দীর্ঘ ২৩ বছরের নবুওয়াতি জীবনে, এমনকি সাহাবিদের যুগেও এই ধরনের কোনো দিবস পালনের কথা ইসলামের ইতিহাসে নেই। ইবনে কাসিরের বিদায়া ওয়ান নিহায়া, ত্বারতুসির হাওয়াদেস ও বিদ’আ এবং ইবনুল কাইয়ুমের আল-মানারুল মুনিফ ইতিহাস গ্রন্থে শবেবরাতের উদ্ভবের ইতিহাস প্রসঙ্গে বলা হয়, ‘শবেবরাতের নামাজ ও ইবাদতের প্রথম প্রচলন হয় হিজরি ৪৪৮ সনে। ফিলিস্তিনের নাবলুস শহরের ইবনে আবিল হামরা নামীয় এক লোক বায়তুল মুকাদ্দাস আসেন। তার তিলাওয়াত ছিল সুমধুর। তিনি শাবানের মধ্যরাত্রিতে নামাজে দাঁড়ালে তার পেছনে এক লোক এসে দাঁড়ায়, তারপর তার সঙ্গে তৃতীয় জন এসে যোগ দেয়, তারপর চতুর্থ জন। তিনি নামাজ শেষ করার আগেই বিরাট একদল লোক এসে তার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। পরবর্তী বছর এলে তার সঙ্গে অনেকেই যোগ দেয় ও নামাজ আদায় করে। এতে করে মাসজিদুল আকসাতে এ নামাজের প্রথা চালু হয়। কালক্রমে এ নামাজ এমনভাবে আদায় হতে লাগে যে অনেকেই তা সুন্নত মনে করতে শুরু করে।’ পরবর্তী শাসকদের সময়ে এটা বন্ধ হয়ে গেলেও আবারও ইরান থেকে এই শবেবরাত পালনের রীতি আমাদের উপমহাদেশে নতুন বিস্তার লাভ করে। ফলে হকপন্থি আলেমরা এই শবেবরাতের বিশেষ ইবাদত-হালুয়া-রুটি ইত্যাদিকে বিদায়াত বলে অভিহিত করে আসছেন।

যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আজ মঙ্গলবার পবিত্রশবে বরাত উদ্যাপিত হবে। এ উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আসকারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। শবেবরাত উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। সংবাদপত্রের অফিস আজ বন্ধ থাকবে। এ রাতের তাৎপর্য তুলে ধরে রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।

রূপালী বাংলাদেশ

Link copied!