শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ২৮ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি প্রশ্ন তোলেন ‘শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’
ফেসবুক পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’ তিনি বলেন, বাংলাদেশের বিচারপ্রত্যাশী মানুষের জন্য এটি আজীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও লেখেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সাগর-রুনি হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পূর্ণ হয়নি। আর এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদির নাম। বিচার প্রক্রিয়া কতবার পিছিয়ে দেওয়া হবে, তা একমাত্র আল্লাহই জানেন। তবে বিচার আদায় না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে বলেও জানান তিনি।
পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন, হাদি হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কেউ কোনো অন্যায়ের বিরুদ্ধে কাঁদবে না, রাস্তায় নামবে না কিংবা প্রতিবাদে লড়াই করবে না। তিনি আরও অভিযোগ করেন, যদি কেউ মনে করেন হাদির পরিবারকে আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে বিচার প্রক্রিয়া থামিয়ে দেওয়া যাবে, তবে তা মারাত্মক ভুল ধারণা।
রাবেয়া ইসলাম সম্পা লেখেন, শহীদ হাদি কেবল তার পরিবারের নয়, তিনি পুরো বাংলাদেশের। দেশের মানুষ জানে কোথায় সমস্যা এবং কেন বিচার প্রক্রিয়ায় দেরি হচ্ছে। যত দেরি করা হবে, ততই তারা আরও ঐক্যবদ্ধ হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, সরকার কী দিচ্ছে বা দিচ্ছে না, এসব বিষয়ে তিনি অবগত নন এবং আগ্রহীও নন। তার একমাত্র দাবি হলো, যেকোনো মূল্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং তার রেখে যাওয়া সন্তান ফিরনাসের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা।


