ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই শব্দে পাটওয়ারীর ‘রহস্যজনক’ পোস্ট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৭:৪৯ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ছবি : ফেসবুক পোস্ট থেকে নেওয়া।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে একটি ছবি পোস্ট করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা-কল্পনা।

শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন— ‘Deal done’।

পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত পোস্টটিতে এক লাখ ৩৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং সাড়ে তিন হাজারের বেশি মন্তব্য এসেছে।

তবে কী বিষয়ে ‘ডিল’ হয়েছে—সে বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী কোনো ব্যাখ্যা দেননি। এতে অনুসারীদের মধ্যে কৌতূহল ও নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।

পোস্টের মন্তব্য ঘরেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করে লেখেন, ‘Local Election naki?’

অন্যদিকে আর্নেস্ট চে গুয়েভারা নামে এক ব্যবহারকারী লেখেন, ‘মাশাআল্লাহ। হাসির রাজা, হাসানোর রাজা নাসির। ফ্রেমে বাঁধাই করে রাখার মতো একটা ছবি।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্টটি।

নাঈম হাসান নামে আরেকজন মন্তব্য করেন, ‘গাড়ির সামনে দৌড়াদৌড়ি করার ডিল নাকি বড় ভাই?’ আরেকজন লেখেন, ‘ডিল ডান, শফিকুর রহমান খুব শিগগিরই এনসিপিতে যোগদান করবেন।’

এ ধরনের অসংখ্য মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। তবে ‘ডিল ডান’–এর প্রকৃত অর্থ বা প্রেক্ষাপট সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা ও কৌতূহল আরও বাড়ছে।