অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার উসমান খাজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৯ বছর বয়সী খাজা বলেছেন, তার ক্যারিয়ারজুড়ে তাকে ‘জাতিগত ছাঁচে’ বিচার করা হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে খেলেই খাজা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। রোববার সিডনিতে শুরু হওয়া ম্যাচটি হবে তার ৮৮তম টেস্ট। একই মাঠে ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট অভিষেক করেছিলেন।
পাকিস্তানে জন্ম নেওয়া খাজা অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রথম মুসলিম ক্রিকেটার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
অবসরের সময় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে খাজা বলেন, আমি একজন গর্বিত মুসলিম, পাকিস্তানে জন্ম নেওয়া রঙিন মানুষ; যাকে বলা হয়েছিল, সে কখনো অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে খেলতে পারবে না। আজ আমাকে দেখুন।
তিনি আরও জানান, সম্প্রতি সিরিজ শুরুর আগে গলফ খেলতে গিয়ে পিঠে চোট পাওয়ার কারণে তার বিরুদ্ধে যে সমালোচনা হয়েছে, তা ব্যক্তিগত আক্রমণের শামিল।
খাজা বলেন, আমাকে অলস ও দায়বদ্ধ নয় বলে অভিযোগ করা হয়েছে। এগুলো সেই বর্ণবাদী স্টেরিওটাইপ, যাদের সঙ্গে আমি সারা জীবন লড়ে এসেছি।
খাজা ভবিষ্যতের ক্রিকেটারদের জন্যও বার্তা দিয়েছেন, যাতে তাদের সঙ্গে সমানভাবে আচরণ করা হয়। তিনি বলেন, আমি চাই, ভবিষ্যতের অন্য একজন খাজার পথ যেন সহজ হয়। তাকে ঠিক জন স্মিথের মতো দেখা হোক।
ক্যারিয়ারে ছয়টি অ্যাশেজ সিরিজ খেলেছেন খাজা, দুটিতে জয় ও দুটিতে হার। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অস্ট্রেলিয়া দলেরও তিনি সদস্য ছিলেন।
টেস্ট ছাড়াও খাজা ৪০টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও কুইন্সল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন