২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল এখনো ঘোষণা করেনি টাইগাররা। তবে এই দলে সবচেয়ে আলোচিত নাম পারভেজ হোসেন ইমন, যিনি মূলত চার নম্বর পজিশনের জন্য নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।
ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, চার নম্বর পজিশনে দুর্দান্ত ফর্মে আছেন ইমন। ৪ ম্যাচে ৮৪.৫০ গড়ে এবং ১৫৯.৪৩ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৬৯ রান।
বিশেষ করে চার নম্বর পজিশনে তার মারকুটে ব্যাটিং নির্বাচকদের মুগ্ধ করেছে। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচেও একই পজিশনে নেমে ৩৩ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছিলেন তিনি।
প্রতিবেদনে আরও জানা যায়, বিপিএলে নাজমুল হোসেন শান্ত ৪ ম্যাচে ২০৩ রান (গড় ৬৭.৬৭) করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও, টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ পাননি তিনি।
এছাড়া সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী।
নতুন পজিশন এবং সুযোগ পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ইমন জানান, আমি যে পজিশনেই সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। চার নম্বর পজিশনটা চ্যালেঞ্জিং হলেও আমি এটা উপভোগ করছি। আমার কাছে দলের প্রয়োজনই সবকিছুর আগে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচকরা ইমনের সঙ্গে তার ব্যাটিং পজিশন নিয়ে দীর্ঘ আলাপ করেছেন এবং ইমন এই নতুন ভূমিকায় খেলতে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন