আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের ভেন্যুতে বাংলাদেশ দলের অংশগ্রহণ হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণে আইসিসিকে চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, রোববার (৪ জানুয়ারি) বোর্ডের ১৭ জন পরিচালক মিলিত হয়ে সিদ্ধান্ত নেন, ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচে বাংলাদেশ দল খেলবে না।
বিসিবি জানিয়েছে, ভারতের ভেন্যুতে নিরাপত্তার আশঙ্কা রয়েছে, তাই ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হয়েছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে। এটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের ‘সি’ গ্রুপের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর একই ভেন্যুতে হবে ইংল্যান্ড ও ইতালির সঙ্গে ম্যাচ। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ-নেপালের খেলা হওয়ার কথা ছিল।
এদিকে, বিশ্বকাপের জন্য স্কোয়াড ইতোমধ্যেই আইসিসিকে পাঠানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত স্কোয়াডে লিটন দাস নেতৃত্বে থাকবেন, সহ-অধিনায়ক সাইফ হাসান।
তবে উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন দলে জায়গা পাননি। এ ছাড়া বিপিএলের শুরুতে ভালো ফর্ম দেখানো নাজমুল হোসেন শান্তও স্কোয়াডে সুযোগ পাননি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন