আসন্ন আইপিএলে খেলার কথা ছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএল থেকে বাদ পড়ার তিন দিন পরই নতুন ঠিকানা খুঁজে পেলেন বাঁহাতি এই পেসার। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন মুস্তাফিজ। টুর্নামেন্টটির ১১তম আসরের জন্য তার নাম অন্তর্ভুক্ত হয়েছে বিদেশি খেলোয়াড়দের তালিকায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএলের আসন্ন মৌসুমের জন্য বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া চলছে, যা ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। এখন পর্যন্ত ওই তালিকায় নাম লিখিয়েছেন মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।
এবারের পিএসএল ড্রাফটে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।
৮ দল নিয়ে এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। অন্যদিকে, আইপিএলের ১৯তম আসর মাঠে গড়াবে ২৬ মার্চ। সূচির এই মিল কাকতালীয় হলেও মুস্তাফিজের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার সুযোগ তৈরি করেছে। গত আসরে দল না পেলেও এবার তার দিকে নজর রয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির।
এর আগে ২০১৮ সালে পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজ। লাহোর কালান্দার্সের হয়ে সেবার পাঁচ ম্যাচে তিনি নিয়েছিলেন চার উইকেট। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। বর্তমান ফর্ম বিবেচনায় মুস্তাফিজের জন্য পিএসএল হতে পারে নতুন করে নিজেকে প্রমাণের বড় সুযোগ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন