নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত যেন এক বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটে। মাঠের লড়াইয়ে না থাকলেও মাঠের বাইরের আলোচনা এখন তুঙ্গে।
শুক্রবার (২০) ফেব্রুয়ারি মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে নিজের জমানো ক্ষোভ ও আক্ষেপ উগড়ে দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
কলকাতা ও শ্রীলঙ্কার ভেন্যুগুলোতে চলমান বিশ্বকাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করে সালাউদ্দিন মনে করেন, কন্ডিশন বাংলাদেশের জন্য শতভাগ অনুকূল ছিল।
তিনি বলেন, কলকাতা ও শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো উইকেটটা আমাদের জন্য দারুণ হতো। উইকেট আমাদের ফেভারে ছিল এবং খেলা যে মানের হচ্ছে, তাতে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল।
সালাউদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বর্তমান বাংলাদেশ দল অনেক গোছানো ছিল এবং এই বিশ্বকাপ ঘিরে সবার অনেক স্বপ্ন ছিল। কিন্তু এক মুহূর্তের সিদ্ধান্তে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।
সবচেয়ে চমকপ্রদ এবং বিষ্ফোরক তথ্যটি ছিল ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে। বিশ্বকাপ খেলতে না পারার ধাক্কায় দলের দুইজন ক্রিকেটার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন তিনি।
সালাউদ্দিন বলেন, আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা।
মানসিকভাবে বিপর্যস্ত সেই ক্রিকেটারদের আবার ক্রিকেটে ফিরিয়ে আনাকেই এখন জীবনের বড় সার্থকতা হিসেবে দেখছেন এই অভিজ্ঞ কোচ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন