বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের দামামা বেজে উঠেছে। ২০২৬ মৌসুমের সূচি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চের মধ্যে টুর্নামেন্টের প্রথম পর্বের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, লজিস্টিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনা করে আপাতত টুর্নামেন্টের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হবে।
ভারতের কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে পুরো সূচি একসাথে না দিয়ে ধাপে ধাপে প্রকাশের এই কৌশল নিয়েছে বোর্ড। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং তামিলনাড়ুর নির্বাচনী সূচির সাথে সমন্বয় রেখেই পরবর্তী ফিক্সচার চূড়ান্ত করা হবে।
সূচিতে কিছুটা পরিবর্তন এনে এবারের আইপিএল শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ থেকে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এর আগে প্রাথমিকভাবে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত উইন্ডো প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত সামান্য পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে বিসিসিআই।
দেবজিৎ সাইকিয়ার মতে, প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করলে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্রাথমিক প্রস্তুতি ও ভ্রমণ পরিকল্পনা গোছানোর পর্যাপ্ত সময় পাবে।
এদিকে মাঠের লড়াই শুরুর আগেই পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছে দলগুলো। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গত ১ মার্চ থেকেই নাভালুর হাই-পারফরম্যান্স সেন্টারে ক্যাম্প শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন