আইপিএলের চলতি আসরে আজ শনিবার (৪ এপ্রিল) মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
নতুন মালিকানা, নতুন কোচ এবং রিয়ান পরাগের নেতৃত্বে রাজস্থান যখন ‘স্মার্ট ক্রিকেট’ খেলে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া, তখন ঘরের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে প্রস্তুত শুভমান গিলের গুজরাট টাইটান্স।
রাজস্থান রয়্যালস এবার একদমই নতুন রূপে মাঠে নেমেছে। দলের অধিনায়ক রিয়ান পরাগ জানান, তাদের এবারের খেলার মূল দর্শন হলো ‘স্মার্ট ক্রিকেট’, যার মূল ভিত্তি কন্ডিশন বুঝে দ্রুত মানিয়ে নেওয়া।
গুয়াহাটিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে স্রেফ উড়িয়ে দিয়ে সেই কৌশলের সফল প্রয়োগ দেখিয়েছে তারা।
অন্যদিকে, আহমেদাবাদের এই মাঠটি গুজরাট টাইটান্সের জন্য এক দুর্ভেদ্য দুর্গ। বিশেষ করে দলটির টপ-অর্ডার ব্যাটাররা এখানে অবিশ্বাস্যভাবে সফল। শুভমান গিল থেকে শুরু করে টপ-অর্ডারের প্রত্যেকের এই মাঠে গড় ৫০-এর উপরে এবং স্ট্রাইক রেট ১৫৫-এর বেশি।
এদিকে, আজকের ম্যাচে সবার নজর থাকবে রাজস্থানের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীর ওপর। মাত্র ৮ ইনিংসে ২৯টি ছক্কা হাঁকানো এই মারকুটে ব্যাটারকে আটকাতে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে গুজরাট। টাইটান্স পেসাররা তাকে অফ-স্টাম্পের বাইরে পরীক্ষা করার কৌশল নিতে পারে।
অন্যদিকে, গুজরাট অধিনায়ক শুভমান গিলের জন্য বড় বাধা হতে পারেন জোফরা আর্চার। পরিসংখ্যান বলছে, ১৯ বলের লড়াইয়ে আর্চার তিনবার গিলকে সাজঘরে ফিরিয়েছেন, রান দিয়েছেন মাত্র ১৬।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন