আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। বৃষ্টির কারণে ম্যাচ ১১ ওভারে নামিয়ে আনা হলেও গ্যালারিতে উত্তাপের কোনো কমতি ছিল না।
একদিকে রাজস্থানের বিধ্বংসী ব্যাটিং আর অন্যদিকে খেলার শেষে হার্দিক পান্ডিয়ার স্পোর্টসম্যানশিপ—সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীরা দেখল এক রুদ্ধশ্বাস রাত।
ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা একে অপরের সাথে হাত মেলাচ্ছিলেন, তখন একটি বিশেষ দৃশ্য নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া রাজস্থানের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীকে কাছে টেনে নেন এবং স্নেহের সাথে তার বুকে আলতো টোকা দিয়ে অনুপ্রেরণা যোগান।
১৫ বছর বয়সী এই তরুণের নির্ভীক ব্যাটিংয়ের প্রতি হার্দিকের এই ‘বিশেষ সম্মান’ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্দিক অকপটে স্বীকার করেন এই কিশোরের প্রতিভা। তিনি বলেন, এত অল্প বয়সে এমন ভয়ডরহীন ক্রিকেট খেলতে দেখা সত্যিই মুগ্ধকর। ম্যাচের প্রস্তুতির সময় আমাদের পরিকল্পনার একটি বড় অংশ জুড়ে ছিল এই ছেলেটি। ওর শট খেলার ধরন এবং মানসিকতা চমৎকার। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মুম্বাই বোলারদের ওপর চড়াও হয় রাজস্থান। ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ৩২ বলে ৭৭ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ১০টি ছক্কা।
তাকে যোগ্য সঙ্গ দেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বলে ৩৯ রানের এক ক্যামিও উপহার দেন তিনি, যার স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭। এই জুটির ৮০ রানের উদ্বোধনী ঝড়ে ভর করে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রানের পাহাড় গড়ে রাজস্থান।
১৫১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। জফরা আর্চার ও নান্দ্রে বার্গারের তোপে পড়ে দ্রুত বিদায় নেন সূর্যকুমার যাদব ও রিকেলটন।
এছাড়া রোহিত শর্মাও সন্দীপ শর্মার বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে শেরফেন রাদারফোর্ড ৮ বলে ২৫ রানের ঝড় তুললেও তা ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।
শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৩ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। ২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন