টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দক্ষতা নতুন করে আলোচনায় এসেছে। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। সর্বশেষ ম্যাচের পর তিনি পৌঁছে গেছেন একটি এলিট মাইলফলকেও।
টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের ডট বলের সংখ্যা এখন ৩ হাজার ছাড়িয়ে গেছে। বর্তমানে তার মোট ডট বল ৩ হাজার ২টি। এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টি ইতিহাসে সর্বাধিক ডট বল করা বোলারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন।
এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ডোয়াইন ব্রাভো, যার ডট বল সংখ্যা ৩ হাজার ৬৮১। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ আমির, ৩ হাজার ৩৪৮ ডট বল নিয়ে। তৃতীয় স্থানে আছেন আন্দ্রে রাসেল (৩ হাজার ২১৩), আর চতুর্থ স্থানে সোহেল তানভীর (৩ হাজার ৪৬)।
শীর্ষ চারজন বোলারের মধ্যে অনেকেই এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বা ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। অন্যদিকে মুস্তাফিজ এখনও ক্যারিয়ারের মধ্যগগনে রয়েছেন এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। ফলে সামনে তাঁর তালিকার আরও উপরে ওঠার সুযোগ রয়েছে।
এদিকে পিএসএলে লাহোর কালান্দার্স এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন