এতদিন বা হাতে মাঠ মাতিয়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চষে বেড়াতে দেখা গেছে ক্রিস গেইলকে। তবে এবার ক্রিকেট মাঠে নয়, বরং মাঠের বাইরের এক নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং কিংবদন্তি।
জানা গেছে, ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি ‘গ্লাসগো মুগাফিয়ান্স’-এর অন্যতম কর্ণধার হলেন এই সাবেক তারকা ক্রিকেটার।
আরও জানা গেছে, গ্লাসগো ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় রয়েছে ভারতভিত্তিক প্রতিষ্ঠান মুগাফি কোম্পানি, যার অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এবার সেই দলেই বিনিয়োগ করে অভিষেকের ব্যবসায়িক অংশীদার হলেন গেইল।
নিজের এই নতুন যাত্রা প্রসঙ্গে ক্রিস গেইল বলেন, গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-মালিকের ভূমিকায় আসাটা আমার জন্য এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ্বাসী যে, ইটিপিএল বিশেষ কিছু হতে যাচ্ছে।
গেইল আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হবে প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করা এবং ভবিষ্যতের তারকা হিসেবে তাদের গড়ে তোলা।
গেইলকে স্বাগত জানিয়ে অভিষেক বচ্চন বলেন, এই যাত্রায় মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। ইটিপিএল এমন একটি প্ল্যাটফর্ম যা নতুন প্রতিভাকে বিকশিত করতে এবং ইউরোপকে বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে ইটিপিএল-এর উদ্বোধনী আসর, যা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয়টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে এবারের প্রতিযোগিতায় মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্লাসগো ছাড়াও লিগে অংশ নেওয়া অন্য দলগুলো হলো— আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন