নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শিরোপা জয়ের লড়াইয়ে টাইগাররা নামলেও সবার নজর এখন একটি নামের দিকে— মুস্তাফিজুর রহমান।
ইনজুরি আর ফিটনেস জটিলতায় সিরিজের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা এই বাঁহাতি পেসার কি আজ একাদশে ফিরবেন? নাকি আজও তাকে কাটাতে হবে ডাগআউটে?
সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে মুস্তাফিজের খেলার কথা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু টসের ঠিক আগে ওয়ার্ম আপের সময় পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি। সেই অনাকাঙ্ক্ষিত চোটে শেষ মুহূর্তে তার বদলে একাদশে নেওয়া হয় শরীফুল ইসলামকে। সেই অস্বস্তি না কাটায় দ্বিতীয় ওয়ানডেতেও মাঠের বাইরে বসে দলের জয় দেখতে হয়েছে তাকে।
তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ শন টেইটের কণ্ঠেও শোনা গেল মুস্তাফিজকে নিয়ে অনিশ্চয়তার সুর। টেইট জানান, মুস্তাফিজ অনুশীলনে ৩-৪ ওভার বোলিং করেছেন এবং বোলিং পরবর্তী তার শারীরিক অবস্থা বেশ ভালো। তবে তিনি একাদশে থাকবেন কি না, সে বিষয়ে কোচ কোনো চূড়ান্ত নিশ্চয়তা দিতে পারেননি।
তবে ইনজুরি নিয়ে আলোচনা থাকলেও মুস্তাফিজকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। চট্টগ্রামে যাওয়ার পথে বিসিবির অফিসিয়াল ভিডিওতে সতীর্থদের সাথে হাসি-ঠাট্টা ও দুষ্টুমি করতে দেখা গেছে তাকে। এই ইতিবাচক মানসিকতা ভক্তদের মনে আশা জাগাচ্ছে যে, হয়তো সিরিজ নির্ধারণী এই বড় ম্যাচে তাকে ২২ গজে দেখা যেতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন