তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। তবে মাঠের লড়াই শুরুর আগে বড় দুশ্চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের আকাশ।
নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুর দুইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা এখন খুবই কম। চট্টগ্রামের আবহাওয়া সকাল থেকেই বেশ গুমোট।
জানা যায়, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়াম এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং চারপাশ বেশ অন্ধকার হয়ে আছে। আবহাওয়া দ্রুত পরিষ্কার না হলে খেলা মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। যদিও টপ অর্ডারে তানজিদ হাসান ও সাইফ হাসান দ্রুত ফিরে যাওয়ায় শুরুতেই চাপে পড়েছিল দল, কিন্তু মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন এবং শামীম হোসেনের মারকুটে ব্যাটিং সব হিসেব বদলে দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার হাতে রেখেই জয় ছিনিয়ে আনে বাংলাদেশ।
ব্যাটিংয়ে স্বস্তি থাকলেও বোলিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ রয়েছে টিম ম্যানেজমেন্টের কপালে। কিউই ব্যাটারদের ওপর শুরু থেকে চাপ বজায় রাখতে কিছুটা ব্যর্থ হয়েছেন বোলাররা।
অন্যদিকে, সিরিজে টিকে থাকতে এই ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন