ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার গোল বা মাঠের কোনো জাদুকরি পারফরম্যান্সের জন্য নয়, বরং তার মানসিক অবস্থা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার এবং নেইমারের এক সময়ের সতীর্থ এলানো এক সাক্ষাৎকারে জানান, নেইমার বর্তমানে মোটেও সুখী নন।
এলানোর এই মন্তব্য ব্রাজিলের ফুটবল অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তার মতে, মাঠ ও মাঠের বাইরে নেইমারকে এখন এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
একদিকে হাঁটুর জটিল অস্ত্রোপচারের পর শারীরিক সীমাবদ্ধতা, অন্যদিকে সমর্থকদের পাহাড় সমান প্রত্যাশা ও তীব্র সমালোচনা—সব মিলিয়ে নেইমার মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন।
সাবেক এই সান্তোস তারকা বলেন, আমরা প্রায়ই ভুলে যাই যে নেইমার একজন মানুষ। গ্লোবাল আইকন হওয়ার আগে তারও অনুভূতি আছে। তার ওপর যে পরিমাণ কাটাছেঁড়া করা হয়, তা যেকোনো মানুষের জন্যই মানিয়ে নেওয়া কঠিন। বর্তমানে সে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির অধীনে নিজের জায়গা ধরে রাখার এক অদৃশ্য চাপও কাজ করছে নেইমারের ওপর।
এলানো আরও জানান, নেইমার এখন আর আগের মতো উইঙ্গার হিসেবে খেলছেন না, বরং দলের প্রয়োজনে মাঠে আরও গভীর ও সৃজনশীল ভূমিকা পালন করছেন। শারীরিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও খেলার প্রতি নেইমারের প্রতিশ্রুতি নিয়ে কোনো প্রশ্ন নেই বলে দাবি করেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন