আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬ এর ফাইনালে ডিএমপি ক্রিকেট দলকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল।
রোববার (৩ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডিএমপি দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান তোলে। জবাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৬৮ রান করে সহজ জয় নিশ্চিত করে।
ফাইনালে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সোহাগ ইসলাম। টুর্নামেন্টে ৭ ম্যাচে ২৮০ রান ও ২ উইকেট নিয়ে ডিএমপির নাহিদ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই সঙ্গে তিনি সেরা ব্যাটসম্যানের স্বীকৃতিও পান। আর ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের রফিকুল ইসলাম হন সেরা বোলার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের দিকনির্দেশনায় তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ দেশ-বিদেশের ক্রীড়া আসরে অংশ নিয়ে দেশের সুনাম বাড়াবে।
আইজিপি বলেন, দুই শক্তিশালী দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে জয় হয়েছে ক্রিকেটেরই। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ পুলিশ সদস্যদের কর্মোদ্যম বাড়াতে সহায়ক বলেও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. ছিবগাত উল্লাহ বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি মাসব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিয়ে পুলিশ সদস্যরা যে ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন, তা প্রশংসনীয়। ভবিষ্যতে জাতীয় দলে পুলিশ সদস্যদের প্রতিনিধিত্ব দেখার আশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও সেরা খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে চার গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২০টি দল অংশ নেয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন