চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দে যখন উচ্ছ্বসিত প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) সমর্থকরা, তখন সেই উদ্যাপনই ফ্রান্সের বিভিন্ন স্থানে রূপ নেয় সহিংসতায়। সমর্থক ও পুলিশের সংঘর্ষ, ভাঙচুর এবং বিশৃঙ্খলার ঘটনায় দেশজুড়ে চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরাসি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে পিএসজির সমর্থকেরা রাস্তায় নেমে বিজয় উদ্যাপন করেন। এ সময় আতশবাজি ও ফ্লেয়ার ফোটানো হয়। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে উচ্ছৃঙ্খল কিছু সমর্থক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যারিসে হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সহিংসতার কারণে বাস, ট্রেন ও রেল যোগাযোগের কিছু সেবা ব্যাহত হয়। শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষ ও আতশবাজির ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানা গেছে।
ফুটবলকে কেন্দ্র করে ফ্রান্সে এটি টানা দ্বিতীয় বছরের সহিংসতার ঘটনা। এর আগে ২০২৫ সালে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরও দেশজুড়ে ব্যাপক উল্লাসের পাশাপাশি সহিংসতা ছড়িয়ে পড়ে, যা প্রাণহানির ঘটনাও ঘটিয়েছিল।
এদিকে মাঠের লড়াইয়ে ইতিহাস গড়েছে পিএসজি। বুদাপেস্টে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের সঙ্গে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতা থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় ফরাসি ক্লাবটি।
এর আগে ২০২৫ সালে মিউনিখে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল পিএসজি। এবার শিরোপা ধরে রেখে তারা ইউরোপীয় ফুটবলের ইতিহাসে বিশেষ একটি কীর্তি গড়েছে।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে নিজেদের শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে পিএসজি। পাশাপাশি ১৯৯৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ যুগ শুরু হওয়ার পর টানা দুই মৌসুমে শিরোপা জয়ের কীর্তি গড়া মাত্র দ্বিতীয় ক্লাবও এখন ফরাসি জায়ান্টরা।
মাঠে ঐতিহাসিক সাফল্য অর্জন করলেও, সেই সাফল্যের উদ্যাপন ঘিরে সৃষ্ট সহিংসতা আবারও ফ্রান্সে ফুটবল-সম্পর্কিত জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন