বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার শীর্ষ ক্লাবগুলো বর্তমান কমিটির অধীনে সব ধরনের লিগ বর্জনের ঘোষণা দেয়। এর প্রভাব পড়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগে।
আজ রোববার থেকে শুরু হওয়া এই লিগে ২০টি দলের মধ্যে ৮টি ক্লাব অংশ নেয়নি। ফলে নির্ধারিত চারটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ মাঠে গড়ায়।
এর আগে শনিবার বর্জনকারী আটটি ক্লাবের ক্রিকেটাররা সব দলকে নিয়ে লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্মারকলিপি দেন। এ সময় বিসিবি কার্যালয়ের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনও করেন তারা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি।
বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে।
অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল। পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেওয়া হয়েছে, কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন