বিশ্ব ক্রীড়াঙ্গনে এক স্মরণীয় মুহূর্ত তৈরি হলো সোমবার, যখন আইসিসি চেয়ারম্যান জয় শাহ দিল্লিতে সাক্ষাৎ করলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে। মেসির GOAT India Tour 2025-এর অংশ হিসেবে এই সাক্ষাৎ শুধু তারকামুখী নয়, বরং ক্রিকেট ও ফুটবলের মধ্যে এক প্রতীকী সেতুবন্ধন হিসেবেই দেখা হচ্ছে।
এই বিশেষ সাক্ষাতে জয় শাহ মেসিকে উপহার দেন টিম ইন্ডিয়ার জার্সি, একটি স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট এবং ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আমন্ত্রণপত্র। উল্লেখ্য, এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।
এরপর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে হাজির হন মেসি। গ্যালারিভর্তি হাজার হাজার দর্শক, ভারতীয় সেলিব্রিটি ও ক্রীড়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। নীল-সাদা আর্জেন্টিনা জার্সি পরা দর্শকদের ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখর ছিল পুরো মাঠ।
মেসি মাঠ ঘুরে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং একটি ৭×৭ সেলিব্রিটি ম্যাচ দেখেন। নিজের স্বভাবসুলভ হাসি আর বিনয়ী আচরণে আবারও মন জয় করেন তিনি। ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলের সঙ্গে দর্শকদের দিকে বলও মারতে দেখা যায় তাকে।
সংক্ষিপ্ত বক্তব্যে স্প্যানিশ ভাষায় মেসি বলেন, ‘ধন্যবাদ দিল্লি, আবার দেখা হবে।’ এই কয়েকটি শব্দই দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়।
অনুষ্ঠানের শেষ দিকে মেসির পাশে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ডিডিসিএ সভাপতি রোহান জেটলি এবং প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া।
এর আগে দিনের শুরুতে মুম্বাই থেকে দিল্লি আসার পথে কুয়াশার কারণে মেসির ফ্লাইট কিছুটা দেরিতে পৌঁছায়। দুপুর আড়াইটার দিকে তিনি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে সরাসরি লিলা প্যালেস হোটেলে গিয়ে একটি বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেন


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন